জলাবদ্ধ এলাকায় গিয়ে ৬০০ বস্তা বালির সহায়তার ঘোষণা মোশাররফের

জলাবদ্ধ এলাকায় গিয়ে ৬০০ বস্তা বালির সহায়তার ঘোষণা মোশাররফের

উপজেলা সংবাদ চাঁদপুর সদর প্রধান সংবাদ

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং চাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মো. মোশাররফ হোসাইন জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত চাঁদপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। বুধবার (২২ জুলাই) বিকেলে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে নিজস্ব অর্থায়নে চলাচলের সুবিধার্থে ৬০০টি বালিভর্তি বস্তা দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি এক অসচ্ছল ক্ষুদ্র নারী উদ্যোক্তাকে ব্যবসা সচল রাখতে ব্যক্তিগতভাবে ৫ হাজার টাকা অনুদান প্রদান করেন।

পরিদর্শনকালে মো. মোশাররফ হোসাইন বলেন, একজন জনপ্রতিনিধির সততা, আদর্শ ও জনকল্যাণে কাজ করার মানসিকতার ওপর একটি এলাকার মানুষের জীবনমান অনেকাংশে নির্ভরশীল। তার ভাষ্য, জনপ্রতিনিধি যদি জনগণের প্রকৃত সেবক হিসেবে দায়িত্ব পালন করেন, তবে নাগরিকরা উন্নয়ন ও সেবার সুফল পান। অন্যদিকে দায়িত্ববোধের অভাব ও দুর্নীতি সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়ে দেয়।

তিনি আরও বলেন, জনগণের উচিত এমন জনপ্রতিনিধি নির্বাচন করা, যিনি ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণে কাজ করবেন এবং নিজেকে জনগণের সেবক হিসেবে প্রতিষ্ঠিত করবেন।

এর আগে তিনি ১৫ নম্বর ওয়ার্ডের জিটি রোড এলাকার বেপারী বাড়ি, পাটোয়ারী বাড়ি, ছৈয়াল বাড়িসহ জলাবদ্ধতায় আক্রান্ত বিভিন্ন স্থানে যান। সেখানে বসবাসকারী মানুষের সঙ্গে কথা বলে তাদের চলাচলের সংকট, বসতবাড়ির দুর্ভোগ এবং জলাবদ্ধতার কারণে সৃষ্ট বিভিন্ন সমস্যার বিষয়ে সরেজমিনে অবগত হন। এছাড়া এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ও করেন।

জলাবদ্ধতা প্রসঙ্গে মোশাররফ হোসাইন বলেন, দীর্ঘদিন ধরে এমন দুর্ভোগ কোনো এলাকার মানুষের নিয়তি হতে পারে না। পরিকল্পিত উন্নয়ন, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা এবং জনবান্ধব উদ্যোগ গ্রহণের মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, ভবিষ্যতে দায়িত্ব পালনের সুযোগ পেলে মানুষের যেকোনো দুর্যোগ, সংকট ও প্রয়োজনের সময় পরিবারের সদস্যের মতো পাশে থাকার চেষ্টা করবেন। জনগণের আস্থা ও ভালোবাসাকে একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তিনি পরিচ্ছন্ন, আধুনিক, বাসযোগ্য এবং জলাবদ্ধতামুক্ত চাঁদপুর পৌরসভা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে এ লক্ষ্য বাস্তবায়নে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *