শাখাওয়াত হোসেন মিন্টু : ফরিদগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে ফরিদগঞ্জ বালিকা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচি দেশের চলমান বৃক্ষরোপণ উদ্যোগের অংশ হিসেবে শুরু হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষা কর্মকর্তা এবং স্থানীয় বিশিষ্টজনেরা অংশ নেন। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির বার্তা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন সুলতানা এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহাদাৎ হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক গিয়াস কবির, ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি বিল্লাল হোসেন পাটওয়ারী, মহিলা সভানেত্রী হাসিনা আক্তার, ফরিদগঞ্জ বালিকা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান এবং উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বর্তমান বাস্তবতায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে বিদ্যালয়ভিত্তিক এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সবুজ ও বাসযোগ্য পরিবেশে রূপান্তরের লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের অনেকেই নিজেদের রোপণ করা চারার নিয়মিত পরিচর্যার দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে দেশব্যাপী এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষা ও পরিবেশ সংরক্ষণকে সমন্বিত করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই বাংলাদেশ গড়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

