মো: মহিউদ্দিন : ফরিদগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সদস্য এবং ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য হুমায়ুন কবির বেপারীর পিতা আব্দুল মান্নান বেপারী (৯৫) ইন্তেকাল করেছেন। রোববার (১৯ জুলাই ২০২৬) সকালে তাঁর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত বিভিন্ন রোগে দীর্ঘদিন ভোগার পর শনিবার (১৮ জুলাই ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
রোববার সকাল ৮টা ৩০ মিনিটে কেরোয়া হাজী বাড়ির সামনে ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মৃত্যুকালে আব্দুল মান্নান বেপারী তিন ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, তাঁর মৃত্যুতে স্থানীয় বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। পৃথক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

