নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরে সিএনজি চালিত অটোরিকশার চলাচল স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সুপারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা। সভায় যানজট, আটক হওয়া অটোরিকশা এবং চালকদের বিভিন্ন সমস্যা তুলে ধরে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানানো হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সংগঠনের প্রতিনিধিরা জানান, শহরের যানজট নিরসনের পাশাপাশি বিভিন্ন সময়ে আটক হওয়া সিএনজি অটোরিকশা নিয়ে চালকদের ভোগান্তি বাড়ছে। এসব বিষয়ে কার্যকর সমাধানের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন তারা।
নেতারা আরও প্রস্তাব দেন, স্বল্প জরিমানার মাধ্যমে আটক সিএনজি অটোরিকশাগুলোকে পুনরায় চলাচলের সুযোগ দিতে ছয় মাসের জন্য বিশেষ সময় বিবেচনা করা হলে চালক ও মালিকরা উপকৃত হবেন।
আলোচনায় পুলিশ সুপারের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। এ সময় সড়কে শৃঙ্খলা বজায় রেখে সিএনজি চালিত অটোরিকশা পরিচালনা এবং আইন মেনে চলার পাশাপাশি পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সিএনজি অটোরিকশা মালিক সমিতির কার্যকরী সভাপতি মো. লিটন মোল্লা, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুল ইসলাম সুমন, সহ-সভাপতি মো. মনজুর আলম, জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ রিপন হোসেন, চাঁদপুর সদর মালিক সমিতির কার্যকরী সভাপতি মো. লিটন, সাধারণ সম্পাদক নয়ন এবং পৌর জাতীয়তাবাদী সিএনজি শ্রমিক দলের সদস্য সচিব খোকন ফরাজীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

