স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরের বরাদ্দ থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল এবং কর্মহীন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান উপকারভোগীদের সরকারের সহায়তা যথাযথভাবে কাজে লাগিয়ে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টায় চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বালিয়া ইউনিয়নের ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জেলা প্রশাসক বলেন, সরকারের এই সহায়তা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এবং কর্মহীন নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে কার্যকর ভূমিকা রাখবে। তিনি উপকারভোগীদের সরকারি সুযোগ-সুবিধা যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের জীবনমান উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, সমাজের সব জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় যুক্ত করতে বর্তমান সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন ও আর্থ-সামাজিক অগ্রগতির জন্য বিভিন্ন বাস্তবমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, যাতে তারা সমান সুযোগ নিয়ে দেশের উন্নয়নে অংশীদার হতে পারে।
শিক্ষার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, শিক্ষা মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ। সরকারি সহায়তাকে কাজে লাগিয়ে নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে সেলাই মেশিনপ্রাপ্ত নারীদের এই সুযোগকে আত্মনির্ভরশীল হওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করে পরিবারের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান তিনি।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম.এন. জামিউল হিকমার সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ফারাক্কাবাদ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল রেজাউল ইসলাম মিঠু, বলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন কাজী এবং ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি কর্নারাজ ত্রিপুরা।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবু তাহের খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, ইউপি সচিব তাসলিমা বেগম, বালিয়া ভূমি কার্যালয়ের তহসিলদার ওমর ফারুক, ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক খোকন ত্রিপুরা, সহসভাপতি ডা. সুখ রঞ্জন ত্রিপুরা, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবুল ত্রিপুরা এবং কম্পিউটার প্রশিক্ষক ও সমন্বয়কারী মো. তানভীর হোসেন।
অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৮ জন শিক্ষার্থীর হাতে একটি করে বাইসাইকেল তুলে দেওয়া হয়। এছাড়া ৫ জন কর্মহীন নারীকে ৫টি সেলাই মেশিন এবং প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের ৬১ জন শিক্ষার্থীর মধ্যে মোট ২ লাখ ৩৫ হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

