হাইমচরে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

হাইমচরে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

উপজেলা সংবাদ প্রধান সংবাদ ১ হাইমচর উপজেলা

হাইমচর প্রতিনিধি :  হাইমচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এবং মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৫ জুলাই) উপজেলার ৮নং দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়। তিনি বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল হুদা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল এবং হাইমচর প্রেসক্লাবের সভাপতি মো. মহসিন মিয়া।

আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, দেশব্যাপী পরিচালিত এই সবুজ উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সময়োপযোগী পদক্ষেপ। একই সঙ্গে প্রতিটি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্তভাবে এ কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মানসুর আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ গাজী, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি, হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সাদেক হোসেনসহ স্থানীয় শিক্ষক, কর্মকর্তা ও সুধীজন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ৮নং দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জনা রানী দাস এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সোলাইমান মিয়া। কর্মসূচি শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *