শাখাওয়াত হোসেন মিন্টু : ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামে কাঁঠাল গাছ কাটতে বাধা দেওয়াকে কেন্দ্র করে শম্পা রানী পাল (৪২) নামে এক নারী কুড়ালের আঘাতে গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) সকালে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত শম্পা রানী বর্তমানে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত শম্পা রানী পাল গোবিন্দপুর উত্তর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক হিসেবে কর্মরত। তার স্বামী ও গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শংকর পাল জানান, গোবিন্দপুর পাল বাড়ির একটি সম্পত্তির বৈধ ক্রেতা তারা। তবে একই বাড়ির বাপ্পি পালের সঙ্গে ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, মঙ্গলবার সকালে বাপ্পি পাল বিরোধপূর্ণ জমিতে থাকা একটি কাঁঠাল গাছ কাটতে শুরু করেন। অফিসে যাওয়ার পথে বিষয়টি দেখে শম্পা রানী তাকে গাছ কাটতে নিষেধ করেন এবং জমি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির আগ পর্যন্ত গাছটি অক্ষত রাখার অনুরোধ জানান।
এ সময় উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে বাপ্পি পাল ক্ষিপ্ত হয়ে হাতে থাকা কুড়াল দিয়ে শম্পা রানী পালের মাথায় আঘাত করেন বলে অভিযোগ করা হয়। এতে তিনি গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিষয়ে অভিযুক্ত বাপ্পি পালের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্লাহ লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

