মতলব উত্তর প্রতিনিধি : সন্তানদের দীর্ঘদিনের একটি স্বপ্ন বাস্তবায়ন করতে সৌদি আরব থেকে দেশে ফিরে হেলিকপ্টারযোগে নিজ গ্রামে পৌঁছেছেন মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের জামালকান্দি গ্রামের সৌদি প্রবাসী মো. শফিকুল ইসলাম প্রধান। তাঁর এই ব্যতিক্রমী আগমনে এলাকায় উৎসবের আবহ তৈরি হয় এবং শত শত মানুষ হেলিকপ্টার দেখতে মাঠে ভিড় করেন।
শনিবার (১১ জুলাই ২০২৬) সকালে সৌদি আরব থেকে দেশে ফেরার পর ঢাকা থেকে হেলিকপ্টারে করে তিনি নিজ গ্রামের জামালকান্দি খেলার মাঠে অবতরণ করেন। বিষয়টি জানাজানি হলে দক্ষিণ ইসলামাবাদ, টরকী, হাতিকাটা টরকীসহ আশপাশের বিভিন্ন গ্রামের শত শত মানুষ সেখানে উপস্থিত হন। প্রিয়জনকে স্বাগত জানানো এবং কাছ থেকে হেলিকপ্টার দেখার আগ্রহে মাঠে উৎসুক জনতার সমাগম ঘটে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মো. শফিকুল ইসলাম প্রধান প্রায় ৩০ বছর ধরে সৌদি আরবে কর্মরত রয়েছেন। দীর্ঘ প্রবাসজীবনের পাশাপাশি তিনি নিজ গ্রামের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিয়মিত সহযোগিতা করে আসছেন।
নিজের অনুভূতি প্রকাশ করে শফিকুল ইসলাম প্রধান বলেন, তাঁর সন্তানদের দীর্ঘদিনের ইচ্ছা ছিল তিনি হেলিকপ্টারে করে বাড়ি ফিরবেন। মহান আল্লাহর অশেষ রহমতে সেই ইচ্ছা পূরণ করতে পেরে তিনি আনন্দিত। পরিবারের হাসিই তাঁর সবচেয়ে বড় প্রাপ্তি বলে উল্লেখ করে সবার কাছে দোয়া কামনা করেন।
শফিকুল ইসলামের কন্যা পলি বেগম বলেন, বাবাকে হেলিকপ্টারে করে বাড়ি ফিরতে দেখার স্বপ্ন তিনি অনেক দিন ধরে লালন করছিলেন। সেই স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত এবং বাবার জন্য গর্ব অনুভব করছেন।
স্থানীয়দের ভাষ্য, সন্তানদের প্রতি ভালোবাসা প্রকাশের এমন ব্যতিক্রমী উদ্যোগ এলাকায় খুব কমই দেখা যায়। একজন প্রবাসী বাবার এই ব্যতিক্রমী প্রত্যাবর্তন শুধু তাঁর পরিবারের সদস্যদের নয়, পুরো এলাকার মানুষের জন্যও আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

