চাঁদপুরে জিআরএস অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ

চাঁদপুরে জিআরএস অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ

উপজেলা সংবাদ চাঁদপুর সদর স্লাইড

স্টাফ রিপোর্টার : অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় চাঁদপুরে জিআরএস (অভিযোগ প্রতিকার ব্যবস্থা) ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ হয়।

প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মিজ শাহানারা বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ এরশাদ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম জামিউল হিকমা এবং চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খিসা।

এ ছাড়া বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মুহা. মিজানুর রহমান, পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের উপপরিচালক মো. মিজানুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নজরুল ইসলাম এবং জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম।

প্রশিক্ষণে সরকারি দপ্তরে নাগরিকদের অভিযোগ গ্রহণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা, দ্রুত নিষ্পত্তি এবং অভিযোগের অগ্রগতি পর্যবেক্ষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে অভিযোগ প্রতিকার ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

প্রধান প্রশিক্ষক মিজ শাহানারা বেগম সরকারি সেবা প্রদানে জবাবদিহি, স্বচ্ছতা ও নাগরিকবান্ধব প্রশাসন নিশ্চিত করতে জিআরএসের গুরুত্ব তুলে ধরেন। তিনি জিআরএস ব্যবস্থায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব, অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া এবং নাগরিকদের অভিযোগ দ্রুত ও কার্যকরভাবে সমাধানের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রশিক্ষণে সরকারি দপ্তরগুলোর সেবা কার্যক্রমে নাগরিকদের অভিযোগকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রতিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এর মাধ্যমে সরকারি সেবার মানোন্নয়ন এবং জনগণের সঙ্গে প্রশাসনের আস্থা আরও সুদৃঢ় হবে বলে প্রশিক্ষণে উল্লেখ করা হয়।

চাঁদপুর জেলা প্রশাসনের ২০টি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ প্রশিক্ষণে অংশ নেন।

প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি সরকারি সেবা আরও কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধবভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে বাস্তবধর্মী ধারণা লাভ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *