মতলব উত্তর প্রতিনিধি : মতলব উত্তর উপজেলার কৃতী সন্তান পুলিশ কর্মকর্তা মফিজুল ইসলাম সবুজের আকস্মিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কর্মস্থলে হঠাৎ বুকে ব্যথা অনুভব করার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
মফিজুল ইসলাম সবুজ নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার লেপসিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কর্মস্থলে অসুস্থ হয়ে পড়ার পর প্রথমে তাঁকে ময়মনসিংহে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু ঘটে।
মরহুম মফিজুল ইসলাম সবুজ মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের দক্ষিণ ঠেটালিয়া গ্রামের মরহুম বক্সে আলী সরকারের নাতি। তিনি চাঁদপুর হাসান আলী হাই স্কুলের ১৯৮৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। তাঁর বড় ভাই চাঁদপুর আল-আমিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় চাঁদপুর শহরের রহমতপুর কলোনিতে মফিজুল ইসলাম সবুজের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় পুলিশ বাহিনীর সদস্যরা অংশ নিয়ে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান।
পরে মরদেহ মতলব উত্তরের দক্ষিণ ঠেটালিয়া গ্রামের নিজ বাড়িতে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মফিজুল ইসলাম সবুজের মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন, সহকর্মী ও গুণগ্রাহীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

