স্টাফ রিপোর্টার : চাঁদপুরে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বদলাও ইয়ূথ ফাউন্ডেশনের উদ্যোগে ‘একবেলার আহার’ কর্মসূচির আওতায় শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। সংগঠনের এ মানবিক উদ্যোগে উপকৃত হয়েছেন শিশু, দিনমজুর, শ্রমজীবী ও অসহায় শ্রেণির মানুষ।
সম্প্রতি সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শুভাকাঙ্ক্ষী, সদস্য ও উপদেষ্টাদের আর্থিক ও মানবিক সহযোগিতায় উপকারভোগীদের মাঝে পুষ্টিকর খাবার পরিবেশন করা হয়। আয়োজকরা জানান, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য সহায়তা নিশ্চিত করতেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন বদলাও ইয়ূথ ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ আবদুর রহমান রিজভী। তিনি বলেন, সমাজের নানা প্রতিকূলতার মধ্যে জীবনযাপনকারী মানুষের পাশে দাঁড়ানো সংগঠনের অন্যতম লক্ষ্য। ‘একবেলার আহার’ কর্মসূচি তাদের নিয়মিত মানবিক কার্যক্রমের অংশ এবং ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
খাদ্য বিতরণ কার্যক্রমে মাহমুদা আক্তার, তানজিনা আক্তার, রাজু, সাকিবা, তাইমুল ইসলাম ও আহসান হাবীবসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীরা অংশ নেন। তারা উপকারভোগীদের হাতে খাবার তুলে দেওয়ার পাশাপাশি তাদের খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয়ে কথা বলেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বদলাও ইয়ূথ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবিক সহায়তামূলক নানা কর্মসূচি পরিচালনা করে আসছে। এর মধ্যে ‘একবেলার আহার’ অন্যতম নিয়মিত উদ্যোগ, যার মাধ্যমে প্রতি বছর সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়।
খাবার সহায়তা পাওয়া ব্যক্তিরা এ উদ্যোগের প্রশংসা করে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন তারা।

