শহরের চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা

শহরের চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা

উপজেলা সংবাদ চাঁদপুর সদর স্লাইড

এম এম সাইফুল্লাহ : চাঁদপুর শহরের বহুল আলোচিত ও ঐতিহ্যবাহী ১০নং চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩ অক্টোবর ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রোববার (৩০ আগস্ট ২০২৬) সকাল ১১টায় সমিতির অস্থায়ী কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শাহ মো. আব্দুল কুদ্দুস আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করেন।

এ সময় নির্বাচন বিষয়ে বক্তব্য দেন নির্বাচন সহকারী কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম (সেকুল), শাহীন ভূঁইয়া, শাহীন চৌধুরী, নির্বাচনী সদস্য সচিব ও ব্যবসায়ী সমিতির সদস্য সাইফুল ইসলাম (রতন)।

এ ছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব কাজী হুমায়ুন কবির। বক্তব্য দেন ব্যবসায়ী সমিতির সদস্য ও সম্ভাব্য সভাপতি প্রার্থী মো. ইউনুস খান, সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হারুন হাওলাদার এবং বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় সমিতির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, ৫ ও ৬ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করা হবে। ৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১০ সেপ্টেম্বর দুপুর ২টা পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

১২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ১৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচনের ভোটকেন্দ্র হিসেবে পৌর পাঠাগার অথবা সমিতির নিজস্ব অফিস কক্ষ নির্ধারণের কথা উল্লেখ করা হয়েছে। ভোটকেন্দ্রের চূড়ান্ত স্থান নির্বাচনের আগেই জানানো হবে।

নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট শাহ মো. আব্দুল কুদ্দুস। তাঁর স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনী তফসিল প্রকাশ করা হয়।

নির্বাচন পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন—সহকারী কমিশনার মো. বাচ্চু হাওলাদার, আলহাজ্ব কাজী হুমায়ুন কবির, অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান (লিটু), মো. শাহীন ভূঁইয়া, মো. শাহীন চৌধুরী, মো. নজরুল ইসলাম (সেকুল), খোরশেদ আলম সোহাগ (অ্যাডভোকেট) এবং মো. সাইফুল ইসলাম (রতন)।

তফসিল ঘোষণার আগে কোরআন তেলাওয়াত করেন ১০নং চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির ১৬৪ নম্বর সদস্য মাওলানা মো. সাইফুল্লাহ।

নির্বাচনে মোট ১৩টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। পদগুলো হলো—সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক এবং তিনটি সদস্য পদ।

নির্বাচনের তফসিল ঘোষণার পর ১০নং চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির সদস্য ও ব্যবসায়ীদের মধ্যে নির্বাচনী কার্যক্রম নিয়ে আগ্রহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *