স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদরে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫৩তম গ্রীষ্মকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা।
প্রধান অতিথির বক্তব্যে এস এম এন জামিউল হিকমা বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে তাদের মনোবল, আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়। একই সঙ্গে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরিতেও খেলাধুলার ভূমিকা রয়েছে।
তিনি বলেন, ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার মতো আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করে। এবারের প্রতিযোগিতায় চাঁদপুর সদরের ৮০টি উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দাবা, হ্যান্ডবল, কাবাডি ও সাঁতার—এই চারটি ইভেন্টে অংশ নেয়।
এস এম এন জামিউল হিকমা আরও বলেন, ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও খেলোয়াড়সুলভ মনোভাব গড়ে তুলতে সহায়তা করে। পাশাপাশি মাদক ও নেশাসহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা সুস্থ, সুন্দর ও সুশৃঙ্খল জীবন গড়ে তুলতে পারে উল্লেখ করে তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ আরও সম্প্রসারণের আহ্বান জানান।
শিক্ষক ও উপস্থাপক এম আর ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন কুমার দাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকরা।
প্রতিযোগিতায় চাঁদপুর সদরের ৮০টি উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। দাবা, হ্যান্ডবল, কাবাডি ও সাঁতার—এই চারটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

