মোহনপুরে অবৈধ জ্বালানি তেল জব্দ, ৪ ব্যবসায়ীকে জরিমানা
মতলব উত্তর প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরে অবৈধভাবে মজুদকৃত প্রায় ২ হাজার ৮০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় জড়িত ৪ জন অসাধু ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (৯ মে) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাঁদপুর কোস্ট গার্ড স্টেশন ও আউটপোস্ট মোহনপুরের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর উপজেলার দশানী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ওই এলাকার চারটি গোডাউন তল্লাশি করা হয়। সেখানে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুদ রাখা প্রায় ২ হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩ লাখ ২২ হাজার টাকা।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে ৪ জন অসাধু ব্যবসায়ীকে আটক করা হয়। পরে মতলব উত্তর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার-ভূমি) রহমত উল্যাহর উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আদালত আটক ব্যক্তিদের কাছ থেকে মোট ৭৩ হাজার টাকা জরিমানা আদায় করে এবং জব্দকৃত জ্বালানি তেল ফেরত প্রদান করে।
কোস্ট গার্ড জানায়, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধ মজুদ প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

