মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে কচুয়ায় জিয়াউর রহমান স্মরণে আলোচনা ও দোয়া

মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে কচুয়ায় জিয়াউর রহমান স্মরণে আলোচনা ও দোয়া

উপজেলা সংবাদ কচুয়া উপজেলা প্রধান সংবাদ

সনতোষ চন্দ্র সেন : কচুয়া উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর বিক্রমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

শনিবার কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মজীবন, স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান এবং জাতীয় জীবনে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। একইসঙ্গে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা দেওয়ান সিরাজুল ইসলাম।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আলহাজ মো. জাবের হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল বারী পাটওয়ারী, মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন মানিক, মুক্তিযোদ্ধা সনতোষ চন্দ্র সেন, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সিকদার, মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান, মুক্তিযোদ্ধা ইউসুপ বাঙ্গালী, মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, মুক্তিযোদ্ধা সনতোষ সরকার এবং কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আতাউল করিমসহ অন্যান্য অতিথিরা।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদান এবং মুক্তিযুদ্ধ-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। পরে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর বিক্রম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং দেশের সপ্তম রাষ্ট্রপতি ছিলেন। প্রতি বছর তাঁর শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *