জাহাঙ্গীর আলম প্রধান / আমির খসরু : মতলব দক্ষিণ উপজেলায় প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৪টি পরিবারের মাঝে ঢেউটিন এবং গৃহনির্মাণ সহায়তার অর্থ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানার জন্য খাদ্যশস্য এবং নগদ সহায়তার চেকও প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৫টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের (পিআইও) উদ্যোগে এসব সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম।
অনুষ্ঠানে জানানো হয়, স্থানীয় সংসদ সদস্যের বরাদ্দ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৪টি পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে এক বান্ডেল করে মোট ৫৪ বান্ডেল ঢেউটিন প্রদান করা হয়েছে। পাশাপাশি প্রত্যেক পরিবারকে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আনোয়ারুল হক, মতলব পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. শোয়েব আহমেদ, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, মতলব পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল হক জহির এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ারুল হক জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের আবাসন পুনর্গঠনে ঢেউটিন ও নগদ সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপজেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানকে সাড়ে ১২ মণ খাদ্যশস্যের সমমূল্যের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
এ ছাড়া জিআর (চাল) কর্মসূচির আওতায় বিভিন্ন এতিমখানা ও ধর্মীয় প্রতিষ্ঠানের অনুকূলে ৩৫টি প্রতিষ্ঠানের জন্য ২৫ দশমিক ২০০ মেট্রিক টন চাল বরাদ্দের ছাড়পত্র বিতরণ করা হয়। একই সঙ্গে জিআর (নগদ) কর্মসূচির আওতায় ২৩টি প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন হারে মোট ২ লাখ ৯৪ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
উপজেলা প্রশাসনের এই উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানগুলোর পুনর্বাসন কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

