মতলব উত্তরে ইয়াবাসহ দুইজনকে আটক করে থানায় দিল জনতা

মতলব উত্তরে ইয়াবাসহ দুইজনকে আটক করে থানায় দিল জনতা

উপজেলা সংবাদ প্রধান সংবাদ মতলব উত্তর উপজেলা

জাহাঙ্গীর আলম প্রধান : মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের অলিপুর বাজারে ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের মতলব উত্তর থানায় সোপর্দ করা হয়। পুলিশ জানিয়েছে, আটক দুজনের কাছ থেকে পানিতে গলিত অবস্থায় প্রায় ৬ থেকে ৭ গ্রাম ইয়াবা পাওয়া গেছে।

গত ১৩ আগস্ট দুপুরে দুর্গাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের অলিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন লুধুয়া গ্রামের জমাদার বাড়ির আব্দুল হালিম জমাদারের ছেলে ইলিয়াস এবং অলিপুর গ্রামের বেপারী বাড়ির আবুল বেপারির ছেলে নুরে আলম।

দুর্গাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জনি শিকদার বলেন, ইলিয়াস ও নুরে আলম দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে। ঘটনার দিন ইয়াবা নিয়ে তারা পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করেন।

ধাওয়ার একপর্যায়ে তারা একটি ডোবায় পড়ে যান। পরে স্থানীয় জনতা তাদের সেখান থেকে ধরে অলিপুর বাজারে নিয়ে আসে।

খবর পেয়ে মতলব উত্তর থানার এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পরে আটক দুজনকে থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় তাদের সঙ্গে থাকা পানিতে গলিত ইয়াবা উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, গলিত ইয়াবার পরিমাণ আনুমানিক ৫০ থেকে ৬০ পিসের সমপরিমাণ হতে পারে।

মতলব উত্তর থানার এসআই মিজানুর রহমান বলেন, স্থানীয় জনতা দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাদের কাছ থেকে গলিত অবস্থায় ইয়াবা পাওয়া গেছে, যার পরিমাণ আনুমানিক ৬ থেকে ৭ গ্রাম।

তিনি আরও জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *