স্টাফ রিপোর্টার : চাঁদপুরে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে সাতটি পরিবহনকে সাতটি মামলায় মোট ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ জুন) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজের সামনে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা আফরোজ। অভিযানে সড়ক পরিবহন আইন ভঙ্গের অভিযোগে বিভিন্ন পরিবহনকে অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা আফরোজ জানান, সড়ক পরিবহন আইন অমান্য করায় সংশ্লিষ্টদের জরিমানা করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
এর আগের দিন মঙ্গলবার (১৬ জুন) একই ধরনের পৃথক অভিযানে হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং মোটরসাইকেল চালকদের হেলমেট না পরার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ওই অভিযানে ১৯টি মামলায় ১৯ জনকে মোট ৬২ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
চাঁদপুরে ধারাবাহিক এসব অভিযান সড়ক পরিবহন আইন বাস্তবায়ন ও শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

