রাজীব চন্দ্র শীল : চাঁদপুর জেলার মধ্যে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এ শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। জেলার ১২টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব নির্ধারণের অংশ হিসেবে বিদ্যালয়টি এ গৌরব অর্জন করে।
চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ যাচাই-বাছাই কমিটির সভায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মোসাদ্দেক হোসেন, জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এবং জেলার আট উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হওয়ার খবরে পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। শিক্ষা ক্ষেত্রে বিদ্যালয়ের ধারাবাহিক সাফল্য ও মানসম্মত শিক্ষাদানের স্বীকৃতি হিসেবে এ অর্জনকে দেখছেন সংশ্লিষ্টরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম মজুমদার বলেন, এই অর্জন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি জানান, শিক্ষার্থীদের যুগোপযোগী ও মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিদ্যালয়টি কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, এ স্বীকৃতি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পথ সুগম করবে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকারা বলেন, এই সাফল্য বিদ্যালয় পরিবারের সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল। তারা প্রধান শিক্ষক, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানিয়ে বলেন, ভবিষ্যতেও শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং সুনাম অক্ষুণ্ন রাখতে সবাই একযোগে কাজ করবেন।
উল্লেখ্য, পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে কচুয়া উপজেলার অন্যতম সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত। শিক্ষার মানোন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে বিদ্যালয়টির অবদান স্থানীয়ভাবে প্রশংসিত।

