স্টাফ রিপোর্টার : চাঁদপুরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নদী কেন্দ্রের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের গবেষণা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং ২০২৬-২৭ অর্থবছরের গবেষণা প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সকালে চাঁদপুর নদী কেন্দ্রের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।
দিনব্যাপী এ আয়োজনে দেশের মৎস্য খাতের টেকসই উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং নদীকেন্দ্রিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনায় গবেষণার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন Department of Fisheries, Chattogram Division–এর পরিচালক মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, দেশের মৎস্য খাতের টেকসই উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গবেষণার কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, গবেষণালব্ধ তথ্য ও প্রযুক্তি মাঠপর্যায়ে কার্যকরভাবে প্রয়োগের মাধ্যমে মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। বিশেষ করে নদীকেন্দ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ, বিলুপ্তপ্রায় দেশীয় মাছ রক্ষা, ইলিশ উৎপাদন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আরও বাস্তবমুখী গবেষণা প্রয়োজন।
গবেষণা প্রতিষ্ঠান ও মৎস্য অধিদপ্তরের সমন্বিত কার্যক্রম দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করবে বলেও তিনি মন্তব্য করেন। পাশাপাশি গবেষণার ফলাফল মৎস্যজীবী, খামারি ও সংশ্লিষ্ট অংশীজনদের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের প্রিন্সিপাল বাবুল কৃষ্ণ ওঝা এবং মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রিন্সিপাল বি. এম. মোস্তফা কামাল।
এছাড়া সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্র, রায়পুর (লক্ষ্মীপুর)-এর উপ-পরিচালক অজিত কুমার পাল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী এবং সাধারণ সম্পাদক এম. এ. লতিফ।
স্বাগত বক্তব্য প্রদান করেন চাঁদপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ফেরদৌস সিদ্দিকী।
কর্মশালার সভাপতিত্ব করেন নদী কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তায়েফা আহমেদ এবং সঞ্চালনা করেন আরএসএসও রুমানা ইয়াসমিন।
দুই পর্বে অনুষ্ঠিত এ কর্মশালা সকাল থেকে বিকেল পর্যন্ত চলে। এতে দেশের বিভিন্ন জেলার মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, গবেষক এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় ২০২৫-২৬ অর্থবছরের গবেষণা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ২০২৬-২৭ অর্থবছরের জন্য নতুন গবেষণা প্রকল্প ও কর্মপরিকল্পনা প্রণয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

