নিজস্ব প্রতিবেদক : সামাজিক ও ধর্মীয় সংগঠন বিশ্ব হিন্দু ফেডারেশনের চাঁদপুর জেলা শাখার ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে চাঁদপুর শহরের শ্রী শ্রী গোপাল জিউ আখড়া প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ কমিটির অনুমোদন ঘোষণা করা হয়।
‘সত্যই সর্বশ্রেষ্ঠ পথ, ধর্মই তার আলো’— এই স্লোগানকে ধারণ করে পরিচালিত সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন এবং নবগঠিত জেলা কমিটির নেতাদের হাতে অনুমোদনপত্র তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কল্লোল হাজরা। নবগঠিত কমিটির আহ্বায়ক রবিন্দ্র চন্দ্র মজুমদারের সভাপতিত্বে এবং অসীম চন্দ্র দাসের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি অ্যাডভোকেট রাজিব চক্রবর্তী, শ্রী গণেশ সাহা, ভারপ্রাপ্ত মহাসচিব সন্তোষ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মানষ সুন্দর মণ্ডল, সাংগঠনিক সম্পাদক ইন্দ্রজিত মণ্ডল এবং শ্রী শ্রী গোপাল জিউ আখড়ার সভাপতি অভিজিৎ কুমার রায়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান ও গীতা পাঠ করেন রবিন্দ্র মজুমদার। পরে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান খোকন দাস।
আলোচনা শেষে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ চাঁদপুর জেলা শাখার নবনির্বাচিত সভাপতির নিকট ১৩ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদনপত্র হস্তান্তর করেন।
বক্তারা সংগঠনের আদর্শ ও কার্যক্রমকে আরও শক্তিশালী করতে নবগঠিত কমিটির সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে জেলার হিন্দু সম্প্রদায়ের কল্যাণে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

