চাঁদপুরে ইয়াবাসহ আটক দুইজনের কারাদণ্ড

চাঁদপুরে ইয়াবাসহ আটক দুইজনের কারাদণ্ড

উপজেলা সংবাদ চাঁদপুর সদর প্রধান সংবাদ ১

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরে মাদকবিরোধী যৌথ অভিযানে ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) চাঁদপুর সদর উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আদালত পৃথক মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী। প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আবু রেজা মেহেদী হাসান।

অভিযানের প্রথম ধাপে চাঁদপুর সদর মডেল থানার ওয়্যারলেস মোড় সংলগ্ন মুন্সি বাড়ির সড়ক এলাকা থেকে ৪টি ইয়াবা ট্যাবলেটসহ মো. ইউসুফ মৃধা (৪৫)কে আটক করা হয়। তিনি চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের মধ্য তরপুরচন্ডী মৃধা বাড়ির বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

একই দিনে চাঁদপুর-ফরিদগঞ্জ মহাসড়কের সোনালী ব্যাংকের সামনের এলাকা থেকে ১টি ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জামসহ মো. শাকিল মল্লিক (২৪)কে আটক করা হয়। তার বাড়িও চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের মধ্য তরপুরচন্ডী মল্লিক বাড়িতে।

ভ্রাম্যমাণ আদালত শাকিল মল্লিককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

জেলা প্রশাসন জানিয়েছে, মাদক নিয়ন্ত্রণে চাঁদপুরজুড়ে যৌথ অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগকারী সংস্থাগুলো নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *