স্টাফ রিপোর্টার : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সিটি নিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (স্বতন্ত্র) প্রার্থী আলহাজ্ব মো. রেদওয়ান খান বোরহান। প্রায় ১০ মাস কারাভোগের পর গত ৩০ মে (শনিবার) তিনি মুক্তি পান। পরবর্তীতে চিকিৎসা গ্রহণ শেষে গত ৫ জুন (শুক্রবার) তিনি বাসায় ফেরেন এবং সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সমাবেশে হামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের ৪ আগস্ট রাতে তাকে আটক করা হয়। পরবর্তীতে সন্ত্রাসবিরোধী আইনের ৮, ৯, ১০, ১১ ও ১২ ধারার একাধিক মামলায় তিনি কারাবন্দি ছিলেন।
প্রায় ১০ মাসের এই কারাবাসের সময় তিনি ডায়াবেটিস, হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
আলহাজ্ব রেদওয়ান খান বোরহানের স্ত্রী সুলতানা নাসরিন খান জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা দিয়ে দীর্ঘদিন ধরে আটক রাখা হয়েছিল। তার দাবি অনুযায়ী, রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি বারবার হয়রানির শিকার হয়েছেন এবং জামিন পেলেও পুনরায় বিভিন্ন মামলায় তাকে আটক রাখা হয়েছে। এতে তিনি শারীরিকভাবে আরও অসুস্থ হয়ে পড়েন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
তিনি আরও জানান, রেদওয়ান খান বোরহান বিভিন্ন সময় চাঁদপুরে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় পর্যায়ের দুর্নীতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ করে আসছিলেন।
একান্ত মোবাইল সাক্ষাৎকারে আলহাজ্ব রেদওয়ান খান বোরহান জানান, কারাবাসের সময় তিনি একাধিকবার অসুস্থ হয়ে পড়েন। তিনি বলেন, দেশবাসীর দোয়ার কারণে তিনি সুস্থ হয়ে মুক্তি পেয়েছেন। তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

