কায়সার হামিদের কন্যা কারিনা কায়সারের দাফন সম্পন্ন
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ-এর মেয়ে, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার-এর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (১৮ মে) সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় নানার বাড়ির আঙিনায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।
পারিবারিক সূত্র জানায়, সকাল ৮টার দিকে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৭টার দিকে অ্যাম্বুল্যান্সযোগে ঢাকায় থেকে তার মরদেহ গজারিয়ায় পৌঁছানো হলে এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়। স্বজন, স্থানীয় বাসিন্দা ও শুভাকাঙ্ক্ষীরা শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত হন।
জানা গেছে, হেপাটাইটিস এ ও ই-তে আক্রান্ত হয়ে কারিনা কায়সারের লিভার গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হলে গত ১১ মে রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে ভারতের চেন্নাইয়ের ভেলোর সিএমসি হাসপাতালে নেওয়া হয়।
পরিবারের সদস্যরা জানান, গত ৮ মে রাত থেকেই তিনি দেশে লাইফ সাপোর্টে ছিলেন। অবস্থার আরও অবনতি হলে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়। পরে গত ১৫ মে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতি ও অভিনয়জগতের কাজের মাধ্যমে কারিনা কায়সার তরুণ প্রজন্মের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। তার অকাল মৃত্যুতে অনুরাগী ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

