স্টাফ রিপোর্টার : চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে মোট ৫২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২১ জুন) দুপুরে সাচার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাজারের কয়েকটি মিষ্টান্ন প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগ পাওয়া গেলে সেখানে তদারকি অভিযান চালানো হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় মুসলিম সুইটমিট, বিসমিল্লাহ্ সুইটমিট, ইসলামিয়া সুইটমিট এবং জগন্নাথ মিষ্টি ভান্ডারের মালিকদের সম্মিলিতভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে স্বাস্থ্যবিধি না মেনে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের অভিযোগে ‘বন্ধু হোটেল’-এর মালিককে দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির বলেন, খাদ্যে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন এবং বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই অর্থদণ্ড আরোপ করা হয়েছে। জনস্বার্থ রক্ষায় এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনার সময় সাচার পুলিশ ফাঁড়ির সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন। এছাড়া স্থানীয় ব্যবসায়ী নেতারাও উপস্থিত ছিলেন।
খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে প্রশাসনের এমন উদ্যোগ ভোক্তাদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

