৭০ বছরের প্রত্যাশার অবসান ঘটিয়ে তিতার ভিটায় প্রশাসনিক কেন্দ্র স্থানান্তরের উদ্যোগ
আরিফুর রহমান / সোহেল : মতলব দক্ষিণ উপজেলার ৫নং উপাদী উত্তর ইউনিয়নে ইউনিয়ন পরিষদ ভবন, ভূমি অফিস ও পোস্ট অফিসসহ একাধিক প্রশাসনিক স্থাপনা নির্মাণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ প্রায় ৭০ বছর ধরে কাঙ্ক্ষিত সেবাবঞ্চিত এই এলাকার মানুষের দাবি ও স্থানীয় সর্বস্তরের সম্মতির ভিত্তিতে ‘তিতার ভিটা বালুর মাঠ’কে প্রস্তাবিত স্থান হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
প্রায় ২৬ হাজার ভোটার ও ৫৫ হাজার মানুষের প্রশাসনিক সেবা সহজ করতে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে. এম. ইশমাম। তিনি জানান, ভবন নির্মাণের টেন্ডার প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং কোনো আইনি জটিলতা না থাকলে দ্রুতই নির্মাণকাজ শুরু হবে।
সভায় জানানো হয়, প্রস্তাবিত স্থানে শুধু ইউনিয়ন পরিষদ নয়, ভূমি অফিস, পোস্ট অফিসের পাশাপাশি ভবিষ্যতে ভোকেশনাল ইনস্টিটিউট, মাদ্রাসা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এবং গণকবরস্থানও স্থাপনের পরিকল্পনা রয়েছে।
জমি দাতা অবসরপ্রাপ্ত প্রকৌশলী মোঃ আবুল বাশার জনস্বার্থে মোট ২৫ শতাংশ জমি ইউনিয়ন পরিষদের জন্য, ৯ শতাংশ ভূমি অফিসের জন্য এবং ৮ শতাংশ পোস্ট অফিসের জন্য দান করেন। স্থানীয়দের মতে, এটি এলাকার উন্নয়ন পরিকল্পনায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোঃ শহীদুল্লাহ প্রধানীয়া। তিনি বলেন, বর্তমান পরিষদ ভবনটি ইউনিয়নের এক প্রান্তে অবস্থিত হওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তিতার ভিটা কেন্দ্রীয় অবস্থানে হওয়ায় সব ওয়ার্ডের মানুষ সমানভাবে সেবা পাবেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ এনামুল হক বাদল। তিনি বলেন, একটি আধুনিক মডেল ইউনিয়ন গঠনে প্রয়োজনীয় সব সহযোগিতা তিনি করবেন এবং প্রকল্প বাস্তবায়নে বাধা দূর করতে কাজ করবেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সাগর বলেন, উন্নয়নমূলক কাজে বাধা আসা স্বাভাবিক হলেও তা অতিক্রম করেই এগিয়ে যেতে হবে।
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছাবের সিদ্দিকী জানান, বর্তমান ইউনিয়ন পরিষদে যেতে সাধারণ নাগরিকদের প্রায় এক হাজার টাকা পর্যন্ত যাতায়াত খরচ হয়। নতুন ভবন হলে এই ভোগান্তি দূর হবে।
ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বিল্লাল খান বলেন, পুরাতন ভবনটি জরাজীর্ণ ও অনুপযোগী, তাই নতুন ভবন নির্মাণ সময়ের দাবি।
সভায় উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সর্বসম্মতিক্রমে তিতার ভিটা বালুর মাঠে ভবন নির্মাণের প্রস্তাব অনুমোদন করেন। দ্রুত কাজ শুরুর জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

