৫৬ টাকায় চাঁদপুরে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেলেন ৪৫ জন

৫৬ টাকায় চাঁদপুরে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেলেন ৪৫ জন

উপজেলা সংবাদ কচুয়া উপজেলা চাঁদপুর সদর ফরিদগঞ্জ উপজেলা মতলব উত্তর উপজেলা মতলব দক্ষিণ উপজেলা শাহরাস্তি উপজেলা স্লাইড হাইমচর উপজেলা হাজীগঞ্জ উপজেলা

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। জেলার পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ৪৫ জন প্রার্থীকে চূড়ান্তভাবে উত্তীর্ণ এবং আরও ৩ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।

রোববার (২৪ মে) বিকেল সাড়ে ৫টায় নিয়োগ বোর্ড প্রধান ও চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান আনুষ্ঠানিকভাবে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, কনস্টেবল পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে ৯৩১ জন প্রার্থী অনলাইনে আবেদন করেন। প্রথম দিনের বিভিন্ন ইভেন্টে অংশ নেন ৬৩৮ জন। যাচাই-বাছাই, শারীরিক সক্ষমতা, লিখিত ও মৌখিক পরীক্ষাসহ একাধিক ধাপ শেষে চূড়ান্তভাবে ৪৫ জনকে নির্বাচিত করা হয়। এছাড়া অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে আরও ৩ জনকে।

ফলাফল ঘোষণার পর বক্তব্যে পুলিশ সুপার মো. রবিউল হাসান বলেন, মাত্র ৫৬ টাকায় প্রার্থীরা পুলিশের চাকরি লাভ করেছেন। পুরো নিয়োগ কার্যক্রম শতভাগ স্বচ্ছতা, নিরপেক্ষতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বিভিন্ন ধাপ পেরিয়ে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং স্বচ্ছভাবে দায়িত্ব পালন করতে পেরে তিনি সন্তুষ্ট। নতুন নিয়োগপ্রাপ্ত সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। তিনি নবনিযুক্ত কনস্টেবলদের অভিনন্দন জানিয়ে বলেন, স্বচ্ছ ও সুন্দর নিয়োগ প্রক্রিয়া উপহার দেওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ প্রাপ্য। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, নতুন সদস্যরা দেশের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

অনুষ্ঠান শেষে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় চাঁদপুর জেলা পুলিশ।

এ সময় নিয়োগ বোর্ডের সদস্য নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, রাঙ্গামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বরকল সার্কেল) আসিফ ইমাম, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) লুৎফুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *