হাজীগঞ্জ প্রতিনিধি : হাজীগঞ্জ উপজেলার রামপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত অভিযানে দেখা যায়, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছাড়া খাদ্যপণ্য প্রস্তুত এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের অভিযোগে মায়ের দোয়া বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে জনসেবা ফার্মেসিকে ৬ হাজার টাকা এবং একই ধরনের অপরাধে পাঠান ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। ফলে তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার প্রতিশ্রুতি দেয়।
অভিযানের সময় রামপুর বাজারের আরও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। পাশাপাশি ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

