হাইমচরে সরকারি কবরস্থান দখল করে দোকান নির্মাণের অভিযোগ

হাইমচরে সরকারি কবরস্থান দখল করে দোকান নির্মাণের অভিযোগ

উপজেলা সংবাদ স্লাইড হাইমচর উপজেলা

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের হাইমচর উপজেলার মহজমপুর এলাকায় সরকারি খাস জমিতে গড়ে ওঠা একটি কলোনির গণকবরস্থান দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি তাজুল ইসলাম মালের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ কলোনিবাসীরা জমি দখলমুক্ত, সীমানা নির্ধারণ এবং কবরস্থান সংরক্ষণের দাবিতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ১৫৮ নম্বর মহজমপুর মৌজার বিএস ২৬ নম্বর খতিয়ানের আওতাধীন প্রায় ১ দশমিক ৪০ একর সরকারি খাস জমি পাকিস্তান আমলে চাঁদপুর জেলা প্রশাসকের নামে আরপিজিও হিসেবে ৩০টি ভূমিহীন পরিবারের বসবাসের জন্য বরাদ্দ দেওয়া হয়। সময়ের ব্যবধানে ওই পরিবারগুলোর মধ্যে চারটি পরিবার অন্যত্র চলে গেলে প্রায় ১৫ শতাংশ জমি খালি হয়ে পড়ে।

পরবর্তীতে কলোনির কয়েকজন বাসিন্দা মৃত্যুবরণ করলে ওই খালি জমির একটি অংশে তাদের দাফন করা হয়। পরে এলাকাবাসী জায়গাটিকে গণকবরস্থান হিসেবে সংরক্ষণের উদ্যোগ নেয় এবং ২০২০ সালে এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে আবেদনও করে।

কলোনিবাসীদের অভিযোগ, এরই মধ্যে পাশ্ববর্তী এলাকার তাজুল ইসলাম মাল ওই কবরস্থানের জমি দখল করে সেখানে দোকান নির্মাণ করেছেন এবং তা ভাড়াও দিয়েছেন। একই সঙ্গে জমির গাছপালা কেটে নেওয়া এবং সেখানে থাকা চারটি কবর নিশ্চিহ্ন করার অভিযোগও তোলা হয়েছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে অভিযুক্ত তাজুল ইসলাম মাল দাবি করেন, জমিটি তাদের পৈতৃক সম্পত্তি এবং তারা দীর্ঘদিন ধরে ভোগদখলে আছেন। তার ভাষ্য, জমি ক্রয়ের বৈধ দলিলপত্র তাদের কাছে রয়েছে। উপজেলা সার্ভেয়ার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে বলায় তিনি প্রমাণসহ জবাব দেবেন বলেও জানান।

অভিযোগের বিষয়ে হাইমচর উপজেলা সার্ভেয়ার বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্ত তাজুল ইসলাম মালকে আগামী সোমবার প্রয়োজনীয় দলিল ও কাগজপত্র নিয়ে উপজেলা কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। সেসব যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

স্থানীয়দের দাবি, সরকারি খাস জমিতে গড়ে ওঠা এই গণকবরস্থান সংরক্ষণে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও জটিলতা সৃষ্টি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *