হাইমচরে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

হাইমচরে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

উপজেলা সংবাদ প্রধান সংবাদ হাইমচর উপজেলা

আবুল কালাম আজাদ : হাইমচর উপজেলায় ইজমালি পুকুরের ঘাটলা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ওমর ফারুক (২২) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২ জুন) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামের মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক হাইমচর উপজেলার উত্তর চরভাঙ্গা (ঢালী বাড়ি) গ্রামের খালেক ঢালীর ছেলে। ঘটনার সময় তিনি তার নানা হাসমত উল্যাহ মৃধার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে একই বাড়ির বাসিন্দা হাসমত উল্যাহ মৃধার পরিবারের সঙ্গে প্রতিপক্ষ কুদ্দুস মৃধা (৩০), বিল্লাল মৃধা (২৫), হাসান মৃধা (২৮) ও হাবিব মৃধা (২১) সহ কয়েকজনের ইজমালি পুকুরের ঘাটলা নির্মাণ নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়, যা দ্রুত উত্তেজনায় রূপ নেয়।

এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন বৃদ্ধ হাসমত উল্যাহকে মারধর করতে উদ্যত হলে ওমর ফারুক পরিস্থিতি শান্ত করতে এগিয়ে যান। তখনই প্রতিপক্ষের লোকজন ওমর ফারুক ও তার নানার পরিবারের সদস্যদের চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয় বলে অভিযোগ করা হয়।

মরিচের গুঁড়ার তীব্রতায় দিশেহারা হয়ে পড়লে, প্রতিপক্ষের একজন ধারালো দা দিয়ে ওমর ফারুকের গলায় কোপ মারে। এতে তিনি গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন।

পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর হাইমচর থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের মধ্যে হাবিবসহ অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *