হাইমচরে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

হাইমচরে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

উপজেলা সংবাদ প্রধান সংবাদ ১ হাইমচর উপজেলা

আবুল কালাম আজাদ : হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়নের বটতলা এলাকায় পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচি পালন করেছে গ্রিন ভয়েস ইন্টারন্যাশনাল। কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ পথচারীদের মাঝে বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করেন এবং পরিবেশ রক্ষায় গাছ লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক অভি আহমেদ জুয়েল বলেন, পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। প্রত্যেক মানুষের অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার দায়িত্ব নেওয়া প্রয়োজন। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকারের নবজাতকের জন্মের সঙ্গে একটি করে চারাগাছ রোপণের উদ্যোগ পরিবেশ সংরক্ষণে ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমানে বিশ্বের অন্যতম বড় সংকট। অতিরিক্ত তাপপ্রবাহ, অনিয়মিত বৃষ্টিপাত, বন্যা ও নদীভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগ মানুষের জীবন ও জীবিকায় প্রতিনিয়ত প্রভাব ফেলছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণ একটি কার্যকর, সহজ এবং দীর্ঘমেয়াদি সমাধান হতে পারে।

অভি আহমেদ জুয়েলের ভাষ্য অনুযায়ী, একটি গাছ শুধু অক্সিজেন সরবরাহই করে না; এটি কার্বন ডাই-অক্সাইড শোষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি সবাইকে অন্তত একটি করে গাছ লাগানো, নিয়মিত পরিচর্যা করা এবং অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করার আহ্বান জানান। তার মতে, ছোট ছোট উদ্যোগের সমন্বয়েই গড়ে উঠতে পারে একটি সবুজ, নিরাপদ ও টেকসই বাংলাদেশ।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন পরিবেশ কর্মী মো. সবুজ, মো. শাকিল, মো. মাসুদ, মো. রাব্বি, ইমন ও রাফিসহ গ্রিন ভয়েস ইন্টারন্যাশনালের অন্যান্য নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *