স্বামীর অসুস্থতায় দীপু মনির প্যারোল চেয়ে মেয়ের আবেদন

স্বামীর অসুস্থতায় দীপু মনির প্যারোল চেয়ে মেয়ের আবেদন

উপজেলা সংবাদ চাঁদপুর সদর জাতীয় সংবাদ স্লাইড

সংবাদ ডেস্ক : সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি-র সাত দিনের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেছেন তার মেয়ে তানি দীপাভলী নাওয়াজ। স্বামী তওফীক নাওয়াজের গুরুতর অসুস্থতার বিষয়টি তুলে ধরে বুধবার (২৭ মে) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে এ আবেদন জমা দেওয়া হয়।

মুন্সীগঞ্জ জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক আবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্যারোলে মুক্তির আবেদনটি গ্রহণ করা হয়েছে এবং বর্তমানে তা যাচাই-বাছাই প্রক্রিয়ায় রয়েছে।

ডা. দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, বর্তমানে তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন। এদিকে তার স্বামী তওফীক নাওয়াজ রাজধানীর একটি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, এই পরিস্থিতিতে স্বামীর পাশে থাকা ও প্রয়োজনীয় সেবাযত্নের জন্যই প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২০ আগস্ট মোহাম্মদপুর থানার একটি মামলায় প্রথমে ডা. দীপু মনিকে গ্রেফতার করা হয়। পরে আরও ৩৭টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। বর্তমানে তিনি তদন্তাধীন বিভিন্ন মামলার আসামি হিসেবে প্রায় ২১ মাস ধরে কারাগারে রয়েছেন।

আবেদনে তওফীক নাওয়াজের শারীরিক অবস্থার বিস্তারিত তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়, তিনি ক্যান্সার, লিভারের জটিলতা এবং ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন। গত মঙ্গলবার রক্ত দেওয়ার পর তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে বলে উল্লেখ করা হয়েছে।

তানি দীপাভলী নাওয়াজ আবেদনে বলেন, দীর্ঘদিন কারাগারে থাকার কারণে তার মা অসুস্থ স্বামীর পাশে থাকতে পারেননি। বর্তমান সংকটময় পরিস্থিতিতে বাবার চিকিৎসা তদারকি ও পাশে থাকার জন্য মায়ের উপস্থিতি অত্যন্ত প্রয়োজনীয় বলে তিনি উল্লেখ করেন।

আবেদনে মানবিক বিবেচনায় ডা. দীপু মনিকে সাত দিনের জন্য প্যারোলে মুক্তি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে, যাতে তিনি অসুস্থ স্বামীর সেবা করতে পারেন এবং পরিস্থিতির অবনতি হলে শেষ সময়েও পাশে থাকতে পারেন।

সূত্র জানায়, আবেদনটি নিয়ে প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *