সজল পাল : শাহরাস্তি উপজেলার কৃষ্ণপুরে মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। “মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” প্রতিপাদ্যে শুক্রবার বিকেল ৫টায় কৃষ্ণপুর বায়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, সাংবাদিক, ধর্মীয় ব্যক্তিত্ব ও স্থানীয় যুবসমাজ অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক, নাট্যকার ও রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন আবদুর রহমান আরজু। প্রধান অতিথি ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, শাহরাস্তি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার নাজির হোসেন পাটোয়ারী, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল, ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান জামাল, জহিরুল হক পাটোয়ারী, বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম মাওলানা মো. জাহাঙ্গীর আলম, টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এইচ. এম. বদিউজ্জামান ভূঁইয়া, নাছির উদ্দিন পাটোয়ারী, ডা. দিদার হোসেন এবং ব্যবসায়ী মো. মাকসুদ।
এছাড়া আয়োজক কমিটির সদস্য জাকারিয়া ফাহিম, শাহরিয়ার নাফিস, ইমরান হোসেন, আব্দুল্লাহ ও শিমুলসহ এলাকার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী এবং বিপুল সংখ্যক তরুণ সভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সূচনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ শাকিল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মীর মাহবুবুর রহমান বলেন, মাদকমুক্ত পরিবার ও সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তিনি অভিভাবকদের সন্তানদের চলাফেরা, বন্ধু নির্বাচন এবং সন্ধ্যার পর তাদের কার্যক্রম সম্পর্কে নিয়মিত খোঁজ রাখার পরামর্শ দেন।
তিনি আরও বলেন, অনলাইন জুয়া, মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসনের একক উদ্যোগ যথেষ্ট নয়। এ ক্ষেত্রে সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ ও সচেতনতা অপরিহার্য।
সভায় অন্যান্য বক্তারা বলেন, একটি নিরাপদ ও সুস্থ সমাজ প্রতিষ্ঠায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগই সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। তাই মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম আরও জোরদারের ওপর তারা গুরুত্বারোপ করেন।

