নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় শিক্ষানুরাগীরা অংশ নেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
প্রধান অতিথির বক্তব্যে সোহেল রুশদী বলেন, শাহতলী জিলানী চিশতী কলেজ চাঁদপুর সদরের প্রথম বেসরকারি কলেজ হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ১৯৭০ সালে তাঁর দাদা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম মাওলানা এ.টি. আহমেদ হোসাইন রুশদীর প্রতিষ্ঠিত এই কলেজটি স্থানীয়ভাবে ‘রুশদী কলেজ’ নামেও পরিচিত। একসময় দূর-দূরান্ত থেকে শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করতে আসলেও বর্তমানে বিভিন্ন স্থানে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠায় শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিদায় মানেই শেষ নয়; বরং এটি নতুন সম্ভাবনা ও উচ্চশিক্ষার পথে এগিয়ে যাওয়ার সূচনা। ভালো ফলাফলের পাশাপাশি মানবিকতা, নৈতিকতা ও আদর্শিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পরিবর্তিত বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের সঠিক শিক্ষা ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে হবে।
মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব সম্পর্কে সচেতন থাকতে হবে। তিনি শিক্ষার্থীদের দক্ষ, মেধাবী ও আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
সোহেল রুশদী আরও বলেন, কলেজটি দীর্ঘদিন ধরে নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এবং এলাকাবাসীর আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি কলেজের প্রাক্তন শিক্ষার্থী সুমাইয়া আক্তার শাম্মীর সাফল্যের উদাহরণ তুলে ধরে বর্তমান শিক্ষার্থীদের অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান। গত বছর জিপিএ-৫ অর্জনের পর সুমাইয়া বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন।
তিনি শিক্ষার উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন এবং উল্লেখ করেন যে, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক জেলার উন্নয়নের পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও কাজ করছেন।
অনুষ্ঠানে সহকারী অধ্যাপক মো. জহিরুল ইসলাম খান মুরাদের সঞ্চালনায় বক্তব্য দেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোহসীন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান এবং ২৯নং উত্তর শাহতলী জোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দিদার হোসেন মিজি।
এছাড়া শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন সহকারী অধ্যাপক ফারজানা আক্তার, মো. জিয়াউর রহমান, মো. হাবিবুর রহমান, সিনিয়র প্রভাষক মো. মানিক মিয়া, প্রভাষক মো. মাহবুবুর রহমান ও মো. শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে কলেজের অন্যান্য শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক নুরুন্নাহার বেগম মুক্তা, মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, প্রভাষক মনোয়ারা বেগম, ফরিদা ইয়াসমিন, মনোয়ারা আক্তার, সুমা রানী পাল, সহকারী শিক্ষক নাছরীন আক্তার, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার এবং অফিস ইনচার্জ মো. রানা সরকারসহ অনেকে।
শেষে সভাপতির বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল হাসান। পরে এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।
অনুষ্ঠান শেষে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি সোহেল রুশদী।

