আরিফুর রহমান সাগর : দেশব্যাপী ডিজিটাল জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম চলমান থাকলেও বাবা-মায়ের জন্ম নিবন্ধনের তথ্য অনলাইনে না থাকায় অনেক শিশুর জন্ম নিবন্ধন সম্পন্ন করা যাচ্ছে না। ফলে সন্তানের জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে গিয়ে প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রতায় পড়ছেন অসংখ্য অভিভাবক।
ভুক্তভোগীদের অভিযোগ, বর্তমান অনলাইন পদ্ধতিতে শিশুর জন্ম নিবন্ধনের আবেদন করতে গেলে পিতা ও মাতার অনলাইন জন্ম নিবন্ধন নম্বর বাধ্যতামূলকভাবে চাওয়া হয়। কিন্তু দেশের অনেক নাগরিকের জন্ম নিবন্ধন এখনো পুরোনো ম্যানুয়াল বা এনালগ পদ্ধতিতে সংরক্ষিত রয়েছে, যা অনলাইন ডাটাবেজে অন্তর্ভুক্ত হয়নি। এ কারণে সন্তানের জন্ম নিবন্ধনের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হচ্ছে না।
মাঠপর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, অনেক অভিভাবক সন্তানের স্কুলে ভর্তি, উপবৃত্তি প্রাপ্তি, পাসপোর্ট তৈরি কিংবা অন্যান্য সরকারি সেবা গ্রহণের প্রয়োজনীয়তা থেকে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে এসে সমস্যার সম্মুখীন হচ্ছেন। শিশুর নিবন্ধনের আগে নিজের জন্মসনদ অনলাইনে অন্তর্ভুক্ত করতে হওয়ায় তাদের অতিরিক্ত সময় ও শ্রম ব্যয় করতে হচ্ছে।
এ বিষয়ে ৩ নম্বর কল্যাণপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. আলমগীর বলেন, “পিতা-মাতার অনলাইন জন্মসনদ না থাকায় সব শিশুর জন্ম নিবন্ধন সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। অনেক অভিভাবক আবেদন নিয়ে এলেও বিদ্যমান প্রযুক্তিগত নিয়মের কারণে তাদের সন্তানদের নিবন্ধন করা যাচ্ছে না। শতভাগ জন্ম নিবন্ধন নিশ্চিত করতে হলে এ ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা বা কিছুটা নীতিগত শিথিলতা প্রয়োজন।”
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারের লক্ষ্য অনুযায়ী শতভাগ জন্ম নিবন্ধন নিশ্চিত করতে হলে অনলাইনে অন্তর্ভুক্ত না হওয়া পুরোনো জন্মসনদগুলো দ্রুত ডিজিটাল ডাটাবেজে সংযুক্ত করার উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে সহজ ও দ্রুত সেবা নিশ্চিত করা গেলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমবে।
স্থানীয় জনপ্রতিনিধি ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও স্বীকার করেছেন, বর্তমান ব্যবস্থার কারণে অনেক ক্ষেত্রে শিশুদের জন্ম নিবন্ধন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। তারা মনে করছেন, সমস্যার কার্যকর সমাধানে প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা জরুরি।
বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল সেবার বিস্তারের পাশাপাশি মাঠপর্যায়ের বাস্তবতা বিবেচনায় নিয়ে সহজতর ব্যবস্থা চালু করা হলে জন্ম নিবন্ধন সেবার আওতায় আরও বেশি মানুষকে আনা সম্ভব হবে।

