শাখাওয়াত হোসেন মিন্টু : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেহরাজ মাহমুদ জুম্মান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই) বিকেল ৩টার দিকে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুম্মান বড়ালী গ্রামের আহসান দেওয়ানের ছোট ছেলে। দুর্ঘটনার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী তাহসির (১৬) এবং অটোরিকশার যাত্রী চর মঘুয়া গ্রামের গৃহবধূ লিলু বেগমসহ আরও চারজন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহত লিলু বেগম জানান, তারা অটোরিকশাযোগে ফরিদগঞ্জের দিকে যাচ্ছিলেন। বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হলে উভয় যানবাহনের যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক গুরুতর আহত হন।
স্থানীয় বাসিন্দা আবুল কালাম বলেন, সংঘর্ষের পর আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে মোট পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা আনোয়ার হোসেন জানান, মেহরাজ মাহমুদ জুম্মান এ বছর স্থানীয় একটি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন। তিনি পরিবারের অত্যন্ত মেধাবী ও সম্ভাবনাময় সদস্য ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবারের সব স্বপ্ন ভেঙে গেছে।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল বলেন, সড়ক দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। বাকি চারজনকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল আমিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায় এবং মরদেহের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

