ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় প্রবাসী স্বামীর সঙ্গে পারিবারিক বিরোধের জেরে সীমা আক্তার (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) দুপুরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত সীমা আক্তার উপজেলার চর কুমিরা গ্রামের সৌদি প্রবাসী নবীর হোসেনের স্ত্রী। তিনি কাছিয়াড়া গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে।
পারিবারিক সূত্র জানায়, বুধবার দুপুরে বাবার বাড়ির একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সীমাকে দেখতে পান স্বজনরা। তাৎক্ষণিকভাবে তাকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রায় তিন বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। এ দম্পতির ১৯ মাস বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।
নিহতের ভাই মানিক হোসেনের দাবি, প্রবাসে অবস্থান করলেও গত কয়েকদিন ধরে নবীর হোসেনের সঙ্গে সীমার পারিবারিক বিরোধ চলছিল। মঙ্গলবার রাত এবং বুধবার সকালেও তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। তিনি অভিযোগ করেন, শ্বশুরবাড়ির সদস্যদের মানসিক নির্যাতনের কারণে সীমা আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ্ বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে ঘটনার প্রকৃত কারণ নির্ধারণ করা হবে।

