আমির খসরু প্রধান : চাঁদপুর জেলার চাঁদপুর-এর অন্তর্গত মতলব দক্ষিণ উপজেলা-এ নারায়ণপুর পৌরসভার নাগরিক সেবা প্রদানে চলমান জটিলতা নিরসনের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয়রা পৌরসভার পরিবর্তে পুনরায় ইউনিয়ন পরিষদ বহাল রাখার দাবি জানান।
বুধবার (১০ জুন) বিকেলে পূর্ব রসুলপুর আল ইকরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা মাঠে এই গণশুনানির আয়োজন করে নারায়ণপুর পৌরসভা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কেএম ইশমাম এবং অনুষ্ঠান পরিচালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ সাইফুর রহমান।
গণশুনানিতে নারায়ণপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের নাগরিকদের মতামত গ্রহণ করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরাও এতে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন মুন্সীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া সোলাইমান প্রধান, মানিক মোল্লা, আবু সাইদ সিয়াম, মফিজ মুন্সী, বুলবুল মিয়াসহ বিভিন্ন পেশাজীবী ব্যক্তিরাও বক্তব্য দেন।
গণশুনানিতে স্থানীয়রা জোরালোভাবে দাবি করেন, নারায়ণপুর পৌরসভা বাতিল করে পুনরায় ইউনিয়ন পরিষদ বহাল রাখা হোক। তাদের অভিযোগ, পূর্ববর্তী সরকারের সময় রাজনৈতিক প্রভাবশালী একটি মহল জনগণের মতামত উপেক্ষা করে পৌরসভা ঘোষণা করে, যা পরবর্তীতে মামলা জটিলতায় রূপ নেয়।
এ কারণে জন্ম নিবন্ধন, নাগরিক সনদপত্রসহ বিভিন্ন সেবা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলে অভিযোগ করেন বক্তারা। দ্রুত সমস্যা সমাধান করে ইউনিয়ন পরিষদ পুনর্বহাল ও নির্বাচন আয়োজনের দাবিও জানান তারা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম বলেন, “আপনাদের মতামত সরকারকে জানানো হবে। আশা রাখি খুব দ্রুত আপনাদের যৌক্তিক দাবি বাস্তবায়ন হবে।”

