নদী ভরাট করে ঘাট নির্মাণ, ৫০ হাজার টাকা জরিমানা

নদী ভরাট করে ঘাট নির্মাণ, ৫০ হাজার টাকা জরিমানা

উপজেলা সংবাদ চাঁদপুর সদর প্রধান সংবাদ

স্টাফ রিপোর্টার : নদীতে রাবিশ ও বর্জ্য ফেলে অংশবিশেষ ভরাট করে পণ্য ওঠানামার ঘাট নির্মাণের অভিযোগে চাঁদপুরে কাজী মোবারক করীম মেহেদী নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভরাট করা অংশ খনন করে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে তাকে সাত দিনের সময় দেওয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট) চাঁদপুর জেলার ১০ নম্বর চৌধুরীঘাট এলাকার কসাইখানা সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(ঙ) ধারা লঙ্ঘন করে নদীতে রাবিশ ও বর্জ্য ফেলে একটি অংশ ভরাট করা হয়েছিল। পরে ওই স্থানটি পণ্য ওঠানামার ঘাট হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

আইন লঙ্ঘনের দায়ে কাজী মোবারক করীম মেহেদীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

এ ছাড়া ভরাট করা অংশ খনন করে নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। এ জন্য অভিযুক্ত ব্যক্তিকে সাত দিনের সময়সীমা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানান।

চাঁদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চাঁদপুর জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, নদী ও পরিবেশের স্বাভাবিক ভারসাম্য রক্ষায় আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *