ড্যাফোডিলে এআই গবেষণা ল্যাব উদ্বোধন

ড্যাফোডিলে এআই গবেষণা ল্যাব উদ্বোধন

উপজেলা সংবাদ চাঁদপুর সদর জাতীয় সংবাদ স্লাইড

এআইভিত্তিক অর্থনীতি গঠনে গবেষণা ও উদ্ভাবনের বিকল্প নেই : আইসিটি মন্ত্রী

মাহমুদুর রহমান, ঢাকা থেকে : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে দক্ষ মানবসম্পদ তৈরি এবং গবেষণা-উদ্ভাবনকে এগিয়ে নিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আধুনিক ‘কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা ল্যাব’ উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে ‘এআই প্রজেক্ট কম্পিটিশন ২০২৬’-এর বিজয়ীদেরও পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি।

শনিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান-এর সভাপতিত্বে বক্তব্য দেন উপাচার্য প্রফেসর ড. এম আর কবীর, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. মাসুম ইকবাল এবং কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. সারওয়ার হোসেন মোল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন শুধু একটি প্রযুক্তি নয়; এটি ভবিষ্যৎ অর্থনীতি, কর্মসংস্থান, উদ্ভাবন এবং জাতীয় প্রতিযোগিতা সক্ষমতার অন্যতম চালিকাশক্তি। এআই প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং গবেষণা ও উদ্ভাবনের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ভিত্তিক এআই গবেষণা ল্যাবগুলো গবেষণা, প্রযুক্তিগত উৎকর্ষ ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এসব ল্যাব শিক্ষার্থীদের আধুনিক এআই প্রযুক্তিতে দক্ষ করে তুলবে, পাশাপাশি গবেষণা পরিচালনা, উদ্ভাবনী প্রোটোটাইপ তৈরি এবং শিল্পখাতের জন্য কার্যকর সমাধান উদ্ভাবনে সহায়তা করবে।

মন্ত্রী আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, ব্যবসা, প্রশাসনসহ মানুষের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দ্রুত বাড়ছে। তাই নতুন বাংলাদেশ গঠনে গবেষণা, উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ তৈরির কোনো বিকল্প নেই। সরকারের ধারাবাহিক তথ্যপ্রযুক্তি উদ্যোগ দেশের ডিজিটাল রূপান্তরের ভিত্তি আরও শক্তিশালী করেছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আশা প্রকাশ করেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন এআই গবেষণা ল্যাব শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পখাত ও সরকারের মধ্যে কার্যকর সহযোগিতা বাড়াবে এবং দেশের উদ্ভাবনী ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে।

বক্তব্যে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বাস করেন, বর্তমান তরুণ প্রজন্মই আগামী দিনের বাংলাদেশের প্রধান শক্তি। এআইভিত্তিক অর্থনীতি ও উদ্ভাবনকে কেন্দ্র করে আগামী পাঁচ বছরে আইসিটি খাতে ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

তিনি আরও জানান, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবিত ১৪৫টি এআই প্রকল্প থেকে সম্ভাবনাময় সেরা প্রকল্পগুলোকে সরকারের বিভিন্ন উদ্যোগ, আইসিটি মন্ত্রণালয়ের স্টার্টআপ ফান্ড এবং অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে সহায়তা দেওয়া হবে। পাশাপাশি তৃণমূল পর্যায় পর্যন্ত এআই প্রশিক্ষণ কেন্দ্র এবং স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সুবিধা সম্প্রসারণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

সভাপতির বক্তব্যে ড. মো. সবুর খান বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে শুধু এআই-সমর্থিত নয়, বরং এআই-কেন্দ্রিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য। এ জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করছে। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রকল্পের বাণিজ্যিকীকরণে সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, নবউদ্বোধিত এআই গবেষণা ল্যাবে ২৫টি এনভিডিয়া ডিজি স্পার্ক পিসি এবং আরটিএক্স ৩০৬০ ও ৪০৯০ জিপিইউসমৃদ্ধ ৫টি উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটার স্থাপন করা হয়েছে। বাস্তব জীবনের জটিল সমস্যা সমাধান, এআই এজেন্ট উন্নয়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তিপণ্য তৈরির লক্ষ্যে এখানে ৫ জন পূর্ণকালীন গবেষক কাজ করছেন।

গবেষক দল ইতোমধ্যে ‘এআই প্রফেসর’, ‘এআই প্রক্টর’ এবং ‘এআই রেজিস্ট্রার’ নামে কয়েকটি উদ্ভাবনী সমাধান তৈরি করেছে। বর্তমানে তারা ‘স্মার্ট ক্লাসরুম’ প্রকল্প বাস্তবায়নে কাজ করছেন।

অনুষ্ঠান শেষে ১৪৫টি এআই প্রকল্পের মধ্য থেকে ৬টি ক্যাটাগরিতে ১২টি বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *