আবুল কালাম আজাদ : হাইমচর উপজেলায় সফর করেছেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। সফরকালে তিনি উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন এবং হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবনির্মিত ‘মা ও শিশু কর্নার’ উদ্বোধন করেন।
২২ জুন সোমবার হাইমচর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় স্থানীয় প্রশাসনিক কার্যক্রম, জনসেবা উন্নয়ন এবং উপজেলার সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাইদ ইসলাম।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, যাতে জনগণের দোরগোড়ায় সরকারি সেবা দ্রুত পৌঁছে যায়। তিনি হাইমচরের উন্নয়ন ও আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে জেলা প্রশাসক হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসা সেবা, পরিবেশ ও সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।
পরে তিনি নবনির্মিত ‘মা ও শিশু কর্নার’-এর ফলক উন্মোচন ও ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই কর্নারের মাধ্যমে মা ও শিশুদের জন্য বিশেষায়িত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে বলে সংশ্লিষ্টরা জানান।
সফরের শেষ পর্যায়ে জেলা প্রশাসক হাইমচরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলগি বাজার আলিম সিনিয়র মাদ্রাসা পরিদর্শন করেন। তিনি প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম, অবকাঠামো ও পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসকের এই কর্মব্যস্ত সফরকে ঘিরে উপজেলার প্রশাসনিক মহল ও স্থানীয় সুধীসমাজের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

