জেলা পরিষদের সম্পত্তি ও সুপার মার্কেটসহ উন্নয়ন প্রকল্প দ্রুত সম্পন্নের আহ্বান

জেলা পরিষদের সম্পত্তি ও সুপার মার্কেটসহ উন্নয়ন প্রকল্প দ্রুত সম্পন্নের আহ্বান

উপজেলা সংবাদ স্লাইড হাজীগঞ্জ উপজেলা

হাজীগঞ্জ প্রতিনিধি : চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেছেন, জেলা পরিষদ স্থানীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ সেবামূলক প্রতিষ্ঠান। জেলা পরিষদের মাধ্যমে জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে সর্বাত্মক সহযোগিতা করা হবে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বিশেষভাবে হাজীগঞ্জ জেলা পরিষদ সুপার মার্কেটকে কেন্দ্র করে যেকোনো অনিয়ম রোধে কঠোর নজরদারির নির্দেশ দেন। একই সঙ্গে যেসব ব্যক্তি একাধিক দোকান বরাদ্দ পেয়েছেন, তাদের চিহ্নিত করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করেন।

সংসদ সদস্য আরও বলেন, জেলা পরিষদের প্রশাসককে জেলার সকল স্থাপনা সরেজমিনে পরিদর্শন করতে হবে। পরিদর্শন থেকে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করে জেলা পরিষদের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে। চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করারও তাগিদ দেন তিনি।

গত ২ মে সকালে হাজীগঞ্জে তাঁর কার্যালয়ের হলরুমে জেলা পরিষদ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম। তিনি জেলা পরিষদের জনবল সংকটসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং হাজীগঞ্জ ও শাহরাস্তির উন্নয়নে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন।

সভা পরিচালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. শাহাদাত হোসেনসহ জেলা পরিষদ, হাজীগঞ্জ পৌরসভা, পল্লী বিদ্যুৎ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভা শেষে জেলা পরিষদের প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা হাজীগঞ্জ জেলা পরিষদ সুপার মার্কেট, ডাকবাংলো এবং জেলা পরিষদের মালিকানাধীন বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *