স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চান্দ্রা বাজার নূরিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ আনোয়ার হোসেন খান। রবিবার (২৪ মে) বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গভর্নিং বডির প্রথম সভায় কণ্ঠভোটের মাধ্যমে সর্বসম্মতিক্রমে তাকে এ পদে নির্বাচিত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। মাদ্রাসার অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত সদস্যদের মধ্যে ছিলেন মোঃ মোক্তার আহমেদ, সৈয়দ আহমেদ খান, মোঃ আক্তার হোসেন পাটওয়ারী, মোঃ সোলায়মান পাটওয়ারী, মোঃ খোরশেদ আলম শেখ, মোঃ শাহ আলম, মোঃ ছালাউদ্দিন ও মোঃ দেলোয়ার হোসেনসহ অন্যান্য সদস্যরা।
আলোচনার একপর্যায়ে গভর্নিং বডির সহ-সভাপতি পদে মোঃ আনোয়ার হোসেন খানের নাম প্রস্তাব করা হলে উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে তার পক্ষে মত দেন। পরে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন এবং নবনির্বাচিত সহ-সভাপতিকে অভিনন্দন জানান।
মোঃ আনোয়ার হোসেন খান ঢাকার স্বনামধন্য প্রতিষ্ঠান “ঢাকা হোম ডেকর”-এর স্বত্বাধিকারী। পাশাপাশি তিনি চান্দ্রা বাজার মানবকল্যাণ সংগঠন ও চান্দ্রা বাজার ব্লাড ডোনেশনের প্রধান উপদেষ্টা হিসেবে দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সহ-সভাপতি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা, শৃঙ্খলা ও সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
চান্দ্রা বাজার নূরিয়া ফাজিল মাদ্রাসা এলাকায় একটি সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নতুন গভর্নিং বডির নেতৃত্বে প্রতিষ্ঠানটির উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

