স্টাফ রিপোর্টার : চাঁদপুরে কিশোর গ্যাং ও মাদকবিরোধী সামাজিক বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত ‘মোশারফ ফাউন্ডেশন ফুটসাল কাপ-২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড় মাঠে অনুষ্ঠিত ফাইনালে চাঁদপুর ডায়নামাইটস ক্লাবকে ১–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চাঁদপুর প্রেসক্লাব ফুটবল দল।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই ফাইনাল ম্যাচে মাঠজুড়ে কয়েক হাজার দর্শকের উপস্থিতি ছিল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় শেষ পর্যন্ত একমাত্র গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে চাঁদপুর প্রেসক্লাব ফুটবল দল।
মোশারফ ফাউন্ডেশন আয়োজিত এই টুর্নামেন্টটি মূলত সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং কার্যক্রম প্রতিরোধ এবং তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যেই আয়োজন করা হয়।
ফাইনাল ম্যাচের উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, পৌরসভার মেয়র পদপ্রার্থী এবং মোশারফ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোশাররফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং জেলা কোয়াবের অন্যতম সদস্য মারজুক মুঈদ ঐশ্বর্য।
আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন বলেন, নিরাপদ ও সুন্দর চাঁদপুর গড়তে দীর্ঘদিন ধরে কাজ করছি। এমন একটি শহর চাই যেখানে মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না।
তিনি আরও বলেন, “আমাদের সমাজ ব্যবস্থায় মাদক-কিশোর গ্যাং দেখতে চাই না। তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করাই আমাদের মূল লক্ষ্য।”
তিনি ‘এক শহর এক স্বপ্ন’ ধারণাকে সামনে রেখে চাঁদপুরকে একটি ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
ফাইনাল ম্যাচে চাঁদপুর প্রেসক্লাব ফুটবল দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন ইয়াসিন। তিনি ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য টুর্নামেন্ট) নির্বাচিত হন সিজান এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান চাঁদপুর ডায়নামাইটস ক্লাবের বাহার। বিজয়ীদের নগদ অর্থ ও ট্রফি প্রদান করা হয়।

