চাঁদপুরে অবৈধ তেলের দোকানে অভিযানের সিদ্ধান্ত

চাঁদপুরে অবৈধ তেলের দোকানে অভিযানের সিদ্ধান্ত

উপজেলা সংবাদ চাঁদপুর সদর স্লাইড

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরে তেল সরবরাহ পরিস্থিতি, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত টাস্কফোর্স সভায় অবৈধভাবে গড়ে ওঠা তেলের দোকানে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ভাসমান হোটেলেও নিয়মিত অভিযান পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা তেল মনিটরিং কমিটি, জেলা ভোক্তা অধিকার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য পরিস্থিতি সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটি এবং জেলা পণ্য বিপণন কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের পক্ষে সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, চাঁদপুরের নদীতে মাছের উৎপাদন কমে যাচ্ছে এবং ইলিশের আহরণও আগের তুলনায় হ্রাস পেয়েছে। নদীদূষণ ও ড্রেজিং কার্যক্রমের কারণে মাছের স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে প্রয়োজনীয় তদারকির আহ্বান জানান।

তিনি আরও বলেন, বর্তমানে জেলায় ভোজ্য তেলের কোনো সংকট নেই। তবে অবৈধ তেলের দোকানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাবেক সভাপতি শরীফ চৌধুরী, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান, জেলা ট্রেনিং অফিসার ডা. বিপ্লব কুমার দে, জেলা ক্যাবের প্রতিনিধি মো. বিপ্লব সরকার, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) রাজীব বসু, বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুদ রানা, বিসিকের এজিএম মো. শাহরিয়ার খান, বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতিনিধি মো. নাসিম, চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম, চাঁদপুর পুলিশ সুপারের পক্ষে পুলিশ পরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির প্রতিনিধি মো. মজিবুর রহমান, পদ্মা অয়েল পিএলসির মো. জাবেদ হোসেন পারভেজ, মেঘনা পেট্রোলিয়াম কোম্পানির প্রতিনিধি আমিরুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভার শেষে অবৈধভাবে পরিচালিত তেলের দোকানের বিরুদ্ধে অভিযান, ভাসমান হোটেল তদারকি এবং বাজার ব্যবস্থাপনা আরও কার্যকর করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *