কবি নজরুল ছিলেন অসাম্প্রদায়িক কবি : মো. সাইদুজ্জামান

কবি নজরুল ছিলেন অসাম্প্রদায়িক কবি : মো. সাইদুজ্জামান

উপজেলা সংবাদ চাঁদপুর সদর স্লাইড

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাইদুজ্জামান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য ও অসাম্প্রদায়িকতার কবি। তিনি সাম্প্রদায়িক বিভেদ, নারী-পুরুষ ও ধনী-দরিদ্রের বৈষম্যের বিরুদ্ধে তাঁর লেখনীর মাধ্যমে কথা বলেছেন।

৭ সেপ্টেম্বর সোমবার বেলা ৩টায় চাঁদপুরের লেডী প্রতীমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।

নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে নজরুল গবেষণা পরিষদ চাঁদপুরের আয়োজনে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কর্মময় জীবন ও বাংলা সাহিত্যে তাঁর অবদান’ শীর্ষক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বক্তব্যে মো. সাইদুজ্জামান বলেন, তৎকালীন ভারতবর্ষে বিভিন্ন দাঙ্গা সংঘটিত হলেও নজরুল সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে লিখেছেন। পরাধীনতার বিরুদ্ধে তিনি অসংখ্য গান ও কবিতা রচনা করেন। ‘বিদ্রোহী’ কবিতায় তিনি পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার জন্য সরাসরি আহ্বান জানিয়েছেন।

তিনি আরও বলেন, দারিদ্র্যের মধ্যেও নজরুল তাঁর লেখনীর মাধ্যমে সাম্যের চেতনাকে তুলে ধরেছেন। তাঁর আগে বা পরে বাংলা ভাষাভাষী কোনো লেখক লেখনীর মাধ্যমে এভাবে সাম্য ও অসাম্প্রদায়িকতার কথা তুলে ধরতে পারেননি। নারী-পুরুষ, ধনী-দরিদ্র, হিন্দু-মুসলিমের ভেদাভেদ করেও তিনি কোনো লেখা রচনা করেননি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেডী প্রতীমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষিকা মোর্শেদা ইয়াসমীন।

বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসান এবং সাহিত্য একাডেমির পরিচালক (গবেষণা) মো. মোশারেফ হোসেন। তিনি মতলব ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক ও নজরুল গবেষণা পরিষদের সভাপতি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবং কুইজ প্রতিযোগিতা উপস্থাপনা করেন লেখক ও প্রাবন্ধিক এবং নজরুল গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক আবদুল গনি। উপস্থাপনায় ছিলেন কবি মুহাম্মদ হানিফ, নির্বাহী সদস্য ও প্রোগ্রামার, নজরুল গবেষণা পরিষদ।

অনুষ্ঠান শেষে তিনজন শিক্ষার্থীকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ ও প্রাইজবন্ড উপহার দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *