কচুয়ায় শুরু হলো বোরো ধান সংগ্রহ অভিযান

কচুয়ায় শুরু হলো বোরো ধান সংগ্রহ অভিযান

উপজেলা সংবাদ কচুয়া উপজেলা প্রধান সংবাদ

কচুয়া প্রতিনিধি : চাঁদপুরের কচুয়া উপজেলা-এ সরকারের অভ্যন্তরীণ ইরি-বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ কর্মসূচির আওতায় ২০২৬ সালের সংগ্রহ অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রোববার (২৪ মে) সকালে উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে কচুয়া সরকারি খাদ্য গুদামে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিম, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন এবং কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিম জানান, চলতি ইরি-বোরো মৌসুমে রাজারহাট সরকারি খাদ্য গুদামে মোট ১ হাজার ২৩১ মেট্রিক টন ধান, সিদ্ধ চাল ও আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে ক্রয় করা হবে। লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে সর্বনিম্ন ১ মেট্রিক টন এবং সর্বোচ্চ ২ মেট্রিক টন পর্যন্ত ধান সংগ্রহ করা হবে।

উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, প্রকৃত কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ নিশ্চিত করতে ‘কৃষক অ্যাপ’ ব্যবহারের পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তালিকাভুক্ত কৃষকদের অগ্রাধিকার দেওয়া হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, সরকারের এ সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে একদিকে যেমন কৃষকরা ন্যায্যমূল্য পাবেন, অন্যদিকে দেশের খাদ্য মজুদ ব্যবস্থাপনাও আরও শক্তিশালী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *