কচুয়া প্রতিনিধি : কচুয়া পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫৩ কোটি ২২ লাখ ৯৬ হাজার ৮৫৬ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে পৌরসভার হলরুমে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল এ বাজেট উপস্থাপন করেন।
ঘোষিত বাজেট অনুযায়ী, মোট আয় ধরা হয়েছে ৫৩ কোটি ২২ লাখ ৯৬ হাজার ৮৫৬ টাকা। এর মধ্যে রাজস্ব খাতে আয় ৮ কোটি ৩৩ লাখ ৬৭ হাজার ৯ টাকা, উন্নয়ন খাতে ৪৪ কোটি ৮৯ লাখ ২৯ হাজার ৮৪৭ টাকা এবং প্রারম্ভিক স্থিতি ২০ লাখ ৩৬ হাজার ৯ টাকা।
অন্যদিকে, মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫১ কোটি ২৩ লাখ ৩১ হাজার টাকা। উন্নয়ন বাজেটে উদ্বৃত্ত রাখা হয়েছে ১ কোটি ৭৯ লাখ ২৯ হাজার ৮৪৭ টাকা। সব মিলিয়ে নতুন অর্থবছরে ২০ লাখ ৩৬ হাজার ৯ টাকা উদ্বৃত্ত থাকবে বলে বাজেটে উল্লেখ করা হয়েছে।
বাজেট ঘোষণাকালে মাহমুদুল হাসান রাসেল বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই কচুয়া পৌরসভার নাগরিক সেবার মানোন্নয়নে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বিশুদ্ধ পানি সরবরাহ সম্প্রসারণ এবং স্ট্রিট লাইট সচল রাখতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তিনি জানান, নতুন কোনো কর আরোপ ছাড়াই এ উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
তিনি আরও বলেন, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে একটি আধুনিক ডাম্পিং স্টেশন স্থাপন করে সেখানে বর্জ্য অপসারণের কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম (আকাশ), পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, পৌর নির্বাহী প্রকৌশলী মোজাম্মেল হক, চাঁদপুর জেলা বিএনপির ভাইস চেয়ারম্যান ও কচুয়া বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির প্রধান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুবাস, পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তরিকুল ইসলাম এবং সাংবাদিক আলমগীর তালুকদার, সুজন পোদ্দার ও সায়েম মৃধাসহ অন্যরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাহিদুল ইসলাম, উপজেলা এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী আবদুল আলিম লিটন, পৌর উপসহকারী প্রকৌশলী মো. নুরুল ইসলাম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবীবুন নবী সুমন, কচুয়া পৌরসভা কর্মকর্তা ও কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাছির আলম (নসু), বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।
উল্লেখ্য, ২০২৫-২০২৬ অর্থবছরে কচুয়া পৌরসভার বাজেটের আকার ছিল প্রায় ৪৩ কোটি টাকা। নতুন অর্থবছরের বাজেটে নাগরিক সেবা সম্প্রসারণ ও অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

