হাইমচরে দুই অভিযানে তিন মাদক কারবারি গ্রেফতার

হাইমচরে দুই অভিযানে তিন মাদক কারবারি গ্রেফতার

উপজেলা সংবাদ প্রধান সংবাদ হাইমচর উপজেলা

হাইমচর প্রতিনিধি : হাইমচর উপজেলায় পৃথক দুটি অভিযানে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১১ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে প্রথম অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) ফারুক উল ইসলাম। সঙ্গীয় ফোর্স নিয়ে তিনি উপজেলার গন্ডামারা এলাকার ৫ নম্বর ওয়ার্ডে শিমুল পাটওয়ারীর বাড়ির সামনের পাকা সড়ক থেকে রাসেল গাজী (২৮) ও ফারুক শেখ (৩৫) নামে দুইজনকে আটক করেন।

গ্রেফতার দুইজনই হাইমচরের পূর্ব চরভাঙ্গা এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তল্লাশির সময় রাসেল গাজীর কাছ থেকে ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় হাইমচর থানায় মামলা নম্বর-১৩ দায়ের করা হয়েছে।

একই দিনে পৃথক আরেকটি অভিযানে পিএসআই (নিঃ) সৌরভ দাশ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে উত্তর আলগী এলাকায় অভিযান চালান। পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে রায়ের বাজারগামী তিন রাস্তার মোড়সংলগ্ন একটি মুদি দোকানের সামনে থেকে মো. জিহাদ মিজি (২১)কে গ্রেফতার করা হয়।

জিহাদ মিজি ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম লাড়ুয়া এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মিজান মিজির ছেলে। গ্রেফতারের সময় তার কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা নম্বর-১৪ রুজু করেছে পুলিশ।

হাইমচর থানার ওসি মোহাম্মদ নাজমুল হাসান জানান, গ্রেফতার তিন আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *