ফরিদগঞ্জে যুবদল নেতা তারেকুর রহমানকে গণসংবর্ধনা

উপজেলা সংবাদ প্রধান সংবাদ ফরিদগঞ্জ উপজেলা

ফরিদগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সহ-প্রচার সম্পাদক তারেকুর রহমানকে নিজ উপজেলা ফরিদগঞ্জে ব্যাপক আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুরে চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কের বাগাদী চৌরাস্তায় কয়েকশ নেতাকর্মী তাঁকে স্বাগত জানান। পরে কয়েকশ মোটরসাইকেলের শোভাযাত্রার মধ্য দিয়ে তাঁকে ফরিদগঞ্জে নিয়ে যাওয়া হয়। বিভিন্ন স্থানে ফুলেল শুভেচ্ছা জানানো হলে কর্মসূচি একপর্যায়ে বড় জনসমাবেশে রূপ নেয়।

আয়োজকদের সূত্রে জানা যায়, বাগাদী চৌরাস্তা থেকে শুরু হওয়া শোভাযাত্রা ভাটিয়ালপুর, ফরিদগঞ্জ বাজার, গৃদকালিন্দিয়া ও কালির বাজারসহ একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্ট অতিক্রম করে। এসব স্থানে সংক্ষিপ্ত পথসভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে এলাকায় পৌঁছে তারেকুর রহমান পারিবারিক কবরস্থানে গিয়ে তাঁর পিতা ও পরিবারের প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করেন।

সংবর্ধনার জবাবে বক্তব্যে তারেকুর রহমান মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, কেন্দ্রীয় কমিটির যে দায়িত্ব তাঁর ওপর অর্পণ করা হয়েছে, তা নিষ্ঠার সঙ্গে পালনে তিনি অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও বলেন, জাতীয়তাবাদী যুবদল দেশের গণতান্ত্রিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাঁর ভাষ্য অনুযায়ী, দেশের মানুষ গণতন্ত্রের সুফল প্রত্যাশা করছে এবং দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।

ফরিদগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে তারেকুর রহমান বলেন, নিজ এলাকার উন্নয়ন এবং সামাজিক-রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তিনি সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করবেন। সম্মিলিত উদ্যোগে ফরিদগঞ্জকে একটি আদর্শ জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, সোহেল খান ও ফারুক খান, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রুবেল গাজী, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, শাওন পাঠান, পৌর যুবদল নেতা কৃষ্ণ কমল, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি আবুল কাশেম রিয়াদ, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক রাশেদ আলম, উপজেলা ছাত্রদল নেতা মাহিন আহমেদ ও মহিন উদ্দিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল-আমিন মোল্লা, সদস্য সচিব শিবলুসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের যুবদল এবং ছাত্রদলের কয়েকশ নেতাকর্মী।

দীর্ঘদিন পর কেন্দ্রীয় পর্যায়ের একজন যুবদল নেতার ফরিদগঞ্জ সফরকে ঘিরে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *